‘তুমি মানো না মানো,ভূত আছে।‘
তুমি দেখেছো?
না ,আমি দেখিনি,কিন্তু সবাই দেখেছে।
কারা দেখেছে?
সবাই দেখতে পায় না,যাদের ভূতের রাশি আছে তারাই কেবল দেখতে পায়।
অ, ভূতের ও রাশি-নক্ষত্র থাকে তাহলে?
না,না...কিছু কিছু মানুষের রাশি তে থাকে ,তারা ভূত দেখতে পায়। কিন্তু ভূত তাদের কিচ্ছু করতে পারে না। গা-বন্ধন দেওয়া থাকলে ক্ষতিও করতে পারে না
আম্বেদকারের জন্মদিনে এই প্রভূত জ্ঞান দিল আমাকে সন্ধ্যা মাসি। স্নান করে ,ফোঁটা কেটে ,জল-খাবার খেয়ে সে তরকারি কুটছে, আমি বইপত্র নাড়াচাড়া করছি।চৈত্র শেষে গরম বেশ পড়ে গেছে...বসন্ত ভূত হোলো প্রায়,ভূত হতে চলেছে গত বাংলা বছর টিও। এমন শেষ বসন্ত দিনে মাসির কাছে ভূত সম্পর্কে কথা-বার্তা বেশ রোমাঞ্চকর লাগছিল।
জ্ঞান-ইস্তক লীলা মজুমদার আর শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভূতে দের কথা পড়ে আসছি,ভালোবাসছি। তারা বড় ভাল ভূত। রাতে বাথরুম যেতে হলে কেউ কেউ তাদের ডাক দেয়-একটু দাঁড়া না,ভয় করছে। শীর্ষেন্দু বাবুর ভূতেদের মধ্যে সেরা হোলো বূরুণের পোষা ভূত। সব কাজ করে দেয়,অঙ্ক কষা থেকে ঘর ঝাড়ু দেওয়া পর্যন্ত,এমনকি গাছ বেয়ে ফল-পাকুড়টাও পেড়ে দেয়।কিন্তু তারা হোলো গপ্পের বই য়ের ভূত। সন্ধ্যা মাসির দাবী মতো বাস্তবিক ভূত নয়।
মাসির মতে ভূত শহরে থাকে না। খোলা মেলা জায়গা তাদের বেশী পছন্দ।শহুরে ইঁট-কাঠ পোষায় না তাদের,পরিবেশ সচেতন ভূত। সব্বাইকে দেখাও দেয় না।বেছে বেছে ভূতের রাশিওয়ালা লোকদের রূপ দেখায়। কেমন দেখতে তারা? অবশ্যই কালো! মাসি নাক কুঁচকে বলে।বুঝুন...ভূতেদের কেমন প্রান্তিক করে রেখেছে বর্ণ-বৈষম্যবাদীরা! ফর্সা মানুষরা ও মরে গিয়ে কালো ভূত হয়ে যায়!তারা বিশাল লম্বা হয়ে যায়! মেয়ে-ভূতেদের মাথার লম্বা চুল মাটি ছোঁয়... তারা সাধারণত লাল শাড়ি পরে...ঘাড় ঘুরিয়ে তাকালেই ঘোর বিপদ! মাসির গ্রামের লোক-জন কাজ সেরে ফেরার পথে তাদের দেখা পায়...।অনেক সময় তারা কুকুর-বেড়াল সেজে আসে!
কি করে বুঝলে যে তারা ভূত?
ও বোঝা যায়! কুকুর –বেড়াল হয়ে এলে তেনারা ডাকেন না।
আর মানুষ হয়ে আসে না?
তাও আসে। আমার ভাই-ই তো দেখেছে। একটা বউ সেজে এসছিল।।কলে জল নিতে। কল টিপছিল কিন্তু জল পড়ছিল না!
কল খারাপ ছিল!সোজা!
নানা,ভূত কল টিপলে জল পড়ে না। পরে তো পড়ল! তারপর ইলার বাবাও দেখেছিল... একটা ছোটোছেলে সেজে এসেছিল... যতবার ইলার বাবা ওকে খালপাড়ে দিয়ে আসে, ও আবার বাড়ির কাছে চলে আসে।
হয়তো খিদে পেয়েছিল!
না।মাসি গম্ভীর।ও ভূত ছিল। তাই তো ইলার বাবার আগেই বাড়িতে চলে আসছিল।বাতাসে চলে ওরা। ওদের নিয়ে ইয়ার্কি দিওনা।
কাজেই ক্ষান্ত দেই।ভুতেরা ভাল থাকুন।
বর্ষ ভূত হতে চললো।নতুন বছর ভালো কাটুক সকলের।
No comments:
Post a Comment